বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। জয় চৌধুরী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তার প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হবে। সেই সঙ্গে কে সভাপতি পদে থাকবেন, তাও তখনই জানানো হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই প্যানেলের নাম প্রকাশ করছি না। তফসিল ঘোষণা হলে সিনিয়র-জুনিয়র সবাইকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’ নিজেদের প্যানেল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমাদের প্যানেল দেখে সবাই তাকিয়ে থাকবে। আমরা বাস্তবায়নযোগ্য কাজের প্রতিশ্রুতি নিয়েই নির্বাচনে আসছি।’
২০১২ সালে ‘এক জবান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে জয় চৌধুরীর। এরপর ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘আজব প্রেম’ ও ‘অন্তর্জ্বালা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।
এদিকে একই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, যিনি বর্তমানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। জানা গেছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

