টলিউডে গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব ভদ্রা বসু। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে ৬৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে। উচ্চরক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে অস্ত্রোপচার করা যায়নি। ওষুধ চলাকালীন হঠাৎ ঘরে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে জটিল মস্তিষ্কের অপারেশন হয়। মাঝপথে কিডনির সমস্যাও দেখা দেয়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে থেমে যায় লড়াই।
প্রয়াত অভিনেত্রী ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব অসিত বসুর স্ত্রী। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ সিনেমাতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছিল। ‘বেলা’ ছিল তার শেষ সিনেমা। পাশাপাশি ‘গওহরজান’-এর মতো জনপ্রিয় নাটক পরিচালনার জন্যও পরিচিত ছিলেন তিনি। তার দুই মেয়ে দামিনী ও আনন্দী নিয়মিত মঞ্চে অভিনয় করেন।
ভদ্রা বসুর মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া। মেয়ে বেনী বসু মায়ের কোলে শৈশবের ছবি শেয়ার করে লিখেছেন, “তুমি আমার চিরন্তন রোদ্দুর, মা।” ‘বেলা’র পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় আবেগঘন পোস্টে লিখেছেন, হাউসফুলের সেই খবর রয়ে গেল, কিন্তু আপনি কোথায় গেলেন ভদ্রাদি। তিনি জানান, সিনেমাটি নিয়ে সিয়াটেল, সিডনি, দোহাস আরও বহু প্রান্তে দর্শক অপেক্ষায় আছেন ভদ্রার অসামান্য অভিনয় দেখার জন্য।

