ভারতের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। ১২ এপ্রিল দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি আরও জানান যে, ১৩ এপ্রিল এই কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৩ সালে এক সংগীত পরিবারে জন্ম নেওয়া আশা ভোসলে খুব ছোটবেলাতেই গানের ভুবনে পা রাখেন। মাত্র ৯ বছর বয়সে তার পেশাদার সংগীতজীবনের যাত্রা শুরু হয় এবং ১৯৪৩ সালে তিনি প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করেন। ১৯৫০-এর দশকের মধ্যেই তিনি বলিউডে নিজের এক স্বতন্ত্র ও মজবুত অবস্থান তৈরি করে নিয়েছিলেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। “পিয়া তু আব তো আজা”, “চুরা লিয়া হ্যায় তুমনে”, “দিল চিজ কেয়া হ্যায়”-এর মতো তার গাওয়া গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন। তিনি সাতবার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার এবং দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ এবং ‘পদ্মবিভূষণ’সহ আরও অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।

