অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মান করে বাজিমাত করেছেন দক্ষিণী তারকা ধানুশ। প্রেক্ষাগৃহের পর সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ইডলি কাড়াই’। নেটদুনিয়ায় বতর্মানে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে সিনেমাটি।
সিনেমায় দেখা যায়, গ্রামের এক ছোট ইডলি দোকানের গন্ডি পেরিয়ে বড় শহরে চাকরির স্বপ্ন হাতছানি দেয় মুরুগানকে। ঝলমলে করপোরেট জীবনে সফলতার শীর্ষে পৌঁছালেও বাড়তে থাকে আত্মদ্বন্দ্ব। অহংবোধ ও শেকড়ের টান তাকে টেনে নিয়ে যায় নতুন দ্বিধায়।
অস্তিত্বের এই টানাপোড়েনের গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে ‘ইডলি কাড়াই’ সিনেমাটি। যেখানে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন নায়ক নিজে।
প্রেক্ষাগৃহে ‘ইডলি কাড়াই’ মুক্তি পায় ১ অক্টোবর। ১০০ কোটি রুপির বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৭১ কোটি। বক্স অফিসে প্রত্যাশা পূরণ না করলেও ২৯ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই সিনেমাটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে নেটফ্লিক্স ইন্ডিয়া ও বাংলাদেশের শীর্ষ তালিকায় রয়েছে সিনেমাটি।
তামিল শব্দে ‘ইডলি কাড়াই’ অর্থ ইডলির দোকান। নব্বইয়ের দশকের পারিবারিক আবহে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন ধানুশই। সিনেমার টাইটেল ক্রেডিটে ধানুশ জানিয়েছেন তার শৈশবের পরিবেশ ও আশপাশের মানুষের স্মৃতি থেকেই অনুপ্রাণিত এই গল্প।
শুরুর দিকে সিনেমাটি কিছুটা গৎবাঁধা মনে হলেও মুরুগানের চরিত্রে ধানুশের আকর্ষণীয়, সংবেদনশীল ও হাস্যরসাত্মক অভিনয় সহজেই দর্শকের মনে দাগ কাটে। সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করেছেন নিত্যা মেনন। মুরুগানের বাবার চরিত্রে রাজকিরণ আর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণ বিজয়, সত্যরাজ, আর পার্থিবন, শালিনী পান্ডে, সামুথিরাকানিসহ আরও অনেক অভিনয়শিল্পী।

