চলতি ঈদের সিনেমা আর গানের বাজারে এখন জয়জয়কার জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের। বড় পর্দার গানে এবার রীতিমতো বাজিমাত করেছেন এই তারকা কণ্ঠশিল্পী। তবে শুধু সিনেমার পর্দায় নয়, ছোট পর্দার নাটকের গানেও ইমরান মানেই যেন বাড়তি উন্মাদনা। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার মুক্তি পেয়েছে তার কণ্ঠে নতুন গান ‘প্রেমের শহরে’।
সৈকত রেজার পরিচালনায় ‘খুনসুটি’ নাটকের এই গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। রোমান্টিক মেলোডি ঘরানার এই গানটিতে ইমরানের চিরাচরিত জাদুকরী কণ্ঠ দর্শকদের নতুন এক প্রেমের আবহ তৈরি করে দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের অন্যান্য আলোচিত গানের ভিড়ে ‘প্রেমের শহরে’ গানটি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।
গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন সালমান জাইম। রঙ্গন এন্টারটেইনমেন্ট গানটি প্রকাশ করেছে। গানটি প্রসঙ্গে গীতিকার এন আই বুলবুল বলেন, ‘নাটকের গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটি লিখেছি। সালমান ভালো সুর করেছেন। ইমরান ভাইয়ের কণ্ঠে গানটি দারুণ প্রাণ পেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

