বিখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর অন্যতম স্নেহভাজন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের আইডল ‘এবি’-কে অনুসরণ করে আসা এই শিল্পী এবার প্রিয় মেন্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়ে এলেন তার কালজয়ী গান ‘ময়না’।
প্রায় তিন দশক আগে আইয়ুব বাচ্চুর কণ্ঠে জনপ্রিয় হওয়া এই গানটির কথা লিখেছিলেন মিলন খান। নতুন প্রজন্মের কাছে গানটি পৌঁছে দিতে এর আধুনিক সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ। শাহ্ হামজার কণ্ঠে ‘ময়না’র এই নতুন সংস্করণটি এরই মধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, শৈশব থেকে যে সুর ও ফিল এবং যে গীটার আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে সেই অনুপ্রেরণা থেকেই এই গানটি করেছি। যারা এবির গান শুনে বড় হয়েছে এই গানটি তাদের উৎসর্গ করলাম।
প্রসঙ্গত, নব্বই দশকে শাহ্ হামজা গান শুরু করেন। তার দুটি একক, একটি ব্যান্ড এবং একটি মিশ্র অ্যালবামসহ মোট ৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হলো ‘নীরব বেদনা’ ‘যে কথা বলা হয়নি’, ‘এক আমি’ এবং ‘পাগল’। ইউটিউবের যুগে এসেও নিয়মিত গান প্রকাশ করছেন তিনি।

