মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত বিশ্বব্যাপী অস্থিতিশীলতার প্রধান কারণ হয়ে উঠছে উল্লেখ করে অঞ্চলটির সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১ আগস্ট) রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
জাতিসংঘ মহাসচিব বলেন, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রবাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, খাদ্য ও প্রয়োজনীয় সারের দাম বেড়েছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
তিনি জানান, বিশ্ব খাদ্য কর্মসূচির সতর্কবার্তা অনুযায়ী, এই পরিস্থিতির কারণে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে। পাশাপাশি মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দা আরও লাখ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করছে। গুতেরেস হামাসের অস্ত্র ত্যাগ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারসংক্রান্ত যুক্তরাষ্ট্র ঘোষিত চুক্তিকে ‘ভালো খবর’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এই লক্ষ্যগুলো অর্জনের জন্য একটি রূপরেখা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। কোনো প্রশ্ন, সংশয় বা এটি পণ্ড করার চেষ্টা ছাড়াই সেই রূপরেখা অনুসরণ করা প্রয়োজন। এখন উভয় পক্ষের জন্য সম্মত শর্তগুলো বাস্তবায়নেরই সময়।’

