প্রতিবেশী দেশ বাহরাইনে ফের হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ হামলাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ উল্লেখ করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স দলগুলো কাজ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা অবস্থান উল্লেখ করেনি।
এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যৌথ অভিযান চালিয়েছে। সেই অভিযানে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা সিস্টেমের রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
“যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ (MQ-1) ও এমকিউ-৯ (MQ-9) গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। এ অভিযান ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইরানের ওপর অব্যাহত আগ্রাসন, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং (হরমুজ প্রণালির) হাঙ্গাম দ্বীপে অবস্থিত একটি (ইরানি) রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব।”
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইরানের সিতরা দ্বীপে গিয়ে পড়ে; এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ‘বাহরাইন নিউজ’ নামে একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে যে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণেই এমনটি ঘটেছে।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) মোতায়েন রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে বাহরাইন বারবার হামলার শিকার হয়েছে এবং এখনও হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে কয়েক সপ্তাহ বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিনবার ড্রোন হামলা চালিয়েছে ইরান। ২১ নভেম্বরের আগে সর্বশেষ হামলাটি ঘটেছিল গত ১৭ নভেম্বর।

