ইলিশের বাণিজ্যে এবার দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি হলেও চলতি বছরে ভারত থেকে বাংলাদেশে ইলিশ এসেছে। গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন মাছ এসেছে বাংলাদেশে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে বলে জানিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা। ভারতীয় বার্তা সংস্থা টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
দেশটির ব্যবসায়ীরা জানান, ইলিশের এসব চালান মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দরের মাধ্যমে পাঠানো হয়েছে। পাশাপাশি কিছু সরবরাহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার হয়েও গেছে।
ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা মাছ যায়। তবে এ বছর ইলিশ পাঠানোর বিষয়টি ব্যতিক্রমী।’
মূলত, গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ তুলনামূলক বেশি এবং স্বাদে কিছুটা নোনতা হওয়ায় ভারতের স্থানীয় বাজারে এর চাহিদা সীমিত। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমভরা ইলিশের চাহিদা থাকায় এই মাছের বাজার তৈরি হয়েছে।
সাধারণত দুর্গাপূজার আগে বা শারদ মৌসুমে বাংলাদেশ থেকে প্রতিবছর ইলিশ আমদানি করে ভারত। তবে এবার বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি করা হবে কি না, সে বিষয়ে এখনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। গত বছর উৎসবের মৌসুমের আগে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল।

