বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে রূপান্তরমূলক হিসেবে মূল্যায়ন করছেন বিশ্বনেতারা। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাতে এমন অভিমত উঠে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক মহল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিভিন্ন দেশের নেতারা তাকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি দিনভর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; মলদোভার প্রধানমন্ত্রী; পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী; ওআইসির মহাসচিব; লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এসব সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বিশ্বনেতারা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
হুমায়ুন কবির বলেন, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আগ্রহ দেখিয়েছেন।

