ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে আয়োজিত এক জনসভায় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পরপরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে। আমরা বর্তমানে এটি অবরোধ করে রেখেছি। আমাদের অনুমতি ছাড়া সেখান দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না।”
আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত এই প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করা হলে সেখানে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। যদিও এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন যে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চান না।
প্রায় ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং তেলের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে।
ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, যুক্তরাষ্ট্রের কোনো হুমকিতে ইরান ভীত নয়। ইরানের সম্মতি ছাড়া এই প্রণালি খোলা বা বন্ধ করার ক্ষমতা কারও নেই।
উল্লেখ্য, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে তেহরান এই জলপথটি বন্ধ করে রেখেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রকে প্রথমে তাদের আচরণ পরিবর্তন করতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং জব্দ করা সব সম্পদ ফিরিয়ে দিতে হবে। এসব শর্ত পূরণ হলেই কেবল প্রণালিটি পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

