নতুন করে যেকোনো আগ্রাসন চালানো হলে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করেই তাৎক্ষণিক জবাব দেবে ইরানের সশস্ত্র বাহিনী। শনিবার (৩১ অক্টোবর) এ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি শনিবার নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে ভৌগোলিক সীমা ছাড়াই তাৎক্ষণিক জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে এ কথা জানান আবদোল্লাহি।
তিনি বলেন, যেকোনো ধরনের বা মাত্রার আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। যেকোনো মূল্যে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা হবে। ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে এবার ভিন্ন কৌশল অবলম্বন করা হবে বলেও জানান তিনি। বলেন, এর জবাব হবে ‘তৃতীয় আরোপিত যুদ্ধের’ সময়ের চেয়েও অনেক বেশি কঠোর।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আরও বলেন, নিজেদের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিপক্ষের গতিবিধি ও প্রস্তুতির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে সামরিক বাহিনী। একই সঙ্গে হালনাগাদ করা হচ্ছে লক্ষ্যবস্তুর তালিকাও। শত্রুতামূলক পদক্ষেপের লক্ষণ নিশ্চিত হলে প্রতিপক্ষের সামরিক অভিযান শুরু হওয়ার জন্য অপেক্ষা করবে না ইরানের সশস্ত্র বাহিনী।

