গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক দিনের এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যম।
চ্যানেল ১২, কান, হারেৎজ ও দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে গিয়ে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। তবে সফর বা বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাড়ে।
তবে নেতানিয়াহুর এবারের কথিত সফর এমন এক সময়ে হলো, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের খবর নতুন করে কূটনৈতিক তৎপরতার বিষয়টি সামনে এনেছে।

