আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রায়’ আক্রমণ চালাচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। ফক্স নিউজের সাক্ষাৎকারে পূর্ণশক্তিতে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে না কেন-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের কারণেই সম্ভবত তিনি তা করছেন না।
তিনি আবারও ভবিষ্যদ্বাণী করেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই, এমনকি তার আগেও ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।
ইরান এখনো কীভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বেশিরভাগ সক্ষমতা ধ্বংস করা হলেও দেশটির কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, আবারও একই পরিস্থিতির মুখোমুখি হলে তিনি ঠিক একই পদক্ষেপ গ্রহণ করবেন।
ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরান ওই অস্ত্র ব্যবহার করে ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের শহরগুলোতে হামলা চালাতে পারত। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভিন্নভাবে আলোচনা করতে হতো বলেও মন্তব্য করেন তিনি।

