আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। আপাতত ফেডারেল রিজার্ভের সুদের হারের বিষয়ে নিশ্চিত হতে বুধবার (২৬ আগস্ট) প্রকাশিতব্য মার্কিন মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর ফলে স্বর্ণের বাজারে লেনদেন নিয়ে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
এদিন বাংলাদেশ সময় বেলা ৩টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৬ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৬৭২ দশমিক ১০ ডলারে নেমে এসেছে।
ট্রাডু.কম-এর সিনিয়র বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ স্বর্ণের বাজার কিছুটা মন্থর। কারণ ভবিষ্যতে বাজারের গতিপথ নির্ধারণ করতে পারে এমন গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর (মূল্যস্ফীতির তথ্য প্রকাশ) আগে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।’
স্টোনএক্স-এর বাজার বিশ্লেষণ প্রধান রোনা ও’কনেল বলেন, ‘সুদের হার নিয়ে যদি নতুন সিদ্ধান্ত না আসে, তবে মার্কিন ডলারের দর কিছুটা কমবে। এতে করে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়তে পারে।’
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৪৬ ডলার, প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৮৫২ দশমিক ০৬ ডলার হয়েছে। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৫ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

