ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো সহায়তার প্রয়োজন নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরাস্ত করেছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও কমে গেছে বলে দাবি করেছেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের কারও সহায়তা প্রয়োজন নেই। আমরা তাদের নৌবাহিনীকে পরাজিত করেছি, বিমানবাহিনীকে পরাজিত করেছি, এমনকি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকেও পরাস্ত করেছি।’
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে দাবি করে তিনি বলেন, ‘তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এখন আগের মাত্রার প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। তারা চুক্তি করতে চায়। তাই আমার কোনো সহায়তা প্রয়োজন নেই। আমি কারও কাছে সাহায্য চাইতে যাচ্ছি না।’
হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি আরও বলেন, চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খুব ভালো আচরণ’ করেছে এবং তারা ‘সমুদ্রে কোনো জাহাজ পাঠায়নি’।
তেহরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়। তবে আমি এমন একটি চুক্তি চাই, যা দীর্ঘস্থায়ী হবে।’

