রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি হেলিকপ্টার রবিনসনকে উদ্ধার করা হয়েছে। তবে, আকাশযানটিতে থাকা আরোহীদের কেউ বেঁচে নেই।
বিবৃতিতে বলা হয়, অঞ্চলটির রোমনেনস্কি জেলায় শেষ হয়েছে নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময়, ধ্বংসাবশেষ এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
কেন এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে, পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের। তার হেলিকপ্টারটি চালানোর অনুমতি ছিল না। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি বলে ধারণা তাদের।

