হংকংয়ের তাই পো জেলায় একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হংকংয়ের তাই পো জেলায় একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি হয়েছে। ভবনের ভেতরে অনেকে আটকে পড়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসির।
হংকং সরকার জানায়, আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন স্থিতিশীল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের একজন দমকলকর্মী হতে পারেন। তবে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেননি।
পুলিশ জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে আটকে পড়া বহু বাসিন্দা সাহায্যের জন্য ফোন করেন। ভবনটিতে সংস্কার কাজের জন্য স্থাপিত বাঁশের মাচা বরাবর আগুন দ্রুত ছড়িয়ে যায়।
টিভিতে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ভবন থেকে দাউদাউ আগুন ও ঘন ধোঁয়া উড়ছে। দমকলকর্মীরা ল্যাডার ট্রাক ব্যবহার করে জ্বলন্ত মাচায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
তাই পো নিউ টেরিটরিজ অঞ্চলের একটি উপশহর, যা মূল ভূখণ্ড চীনের শেনঝেন সীমান্তের কাছে অবস্থিত। হংকংয়ে নির্মাণ ও সংস্কার কাজে ব্যাপকভাবে বাঁশের মাচা ব্যবহার করা হলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সরকার চলতি বছরের শুরুতে সরকারি প্রকল্পগুলোতে ধীরে ধীরে এ উপকরণের ব্যবহার বন্ধ করার ঘোষণা দেয়।

