ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রয়োজন নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের অর্থনীতির ওপর মার্কিন চাপই যথেষ্ট কার্যকর হচ্ছে।
সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কো রুবিও এ কথা বলেন। এর আগে আট মাস ধরে চলা যুদ্ধের সমাধানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের সেই মন্তব্যের কয়েক ঘণ্টা পর রুবিও বলেন, ইরানের অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের চাপ এতটাই কার্যকর হচ্ছে যে নতুন করে হামলা চালানোর প্রয়োজন নেই।
প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমাদের অর্থনৈতিক অভিযান এতটাই ধ্বংসাত্মক যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। আজ এখানে আমাদের মিত্রদেরও আমি এ কথাই বলেছি।’
উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার ইরানের প্রচেষ্টায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে এটিও অন্যতম কারণ।
জবাবে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর আগে গত আগস্টে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়ার লক্ষ্যে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ অভিযান শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় আগে থেকেই বিপর্যস্ত ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলাই এ অভিযানের লক্ষ্য।
এদিকে সংঘাতের অবসানে আরও জোরালো উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একই সঙ্গে অচলাবস্থা অব্যাহত থাকলে অর্থনীতিতে যে ক্ষতি হবে, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
প্যারিসে মিলিব্যান্ড বলেন, ‘আমাদের এখন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিস্থিতি আমাদের দেশগুলোর অর্থনীতিতে গভীর চাপ সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘এই সংঘাতের অবসান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং বিশ্বজুড়ে দেশটির হুমকি মোকাবিলা করতে সর্বাত্মক কূটনৈতিক উদ্যোগ দেখতে চাই আমরা। একই সঙ্গে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে।’
সংবাদমাধ্যম বলছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ওয়াশিংটন নতুন করে হামলার হুমকি দেয়া থেকে কিছুটা সরে এসেছে বলে মনে হচ্ছে। এমনকি ট্রাম্পের সঙ্গে মিলে যুদ্ধ শুরু করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও পরিবর্তিত কূটনৈতিক পরিস্থিতি মেনে নিচ্ছেন বলে মনে হচ্ছে। যদিও সম্প্রতি তিনি ইরানের পক্ষ থেকে আসা ‘অস্তিত্বের জন্য হুমকি চিরতরে নির্মূল’ করার পক্ষে অবস্থান নিয়েছিলেন।
মঙ্গলবার নেতানিয়াহু বলেন, ‘খুব শিগগিরই আমরা আন্তর্জাতিক চাপের মুখে পড়ব। সেই চাপে পারমাণবিক অস্ত্রধারী ইরান এবং আমাদের ধ্বংস করতে চাওয়া এই সন্ত্রাসী শাসনব্যবস্থার টিকে থাকার বিষয়টি মেনে নিতে বলা হবে।’
এদিকে ওয়াশিংটন একগুচ্ছ শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়ার যে প্রস্তাব ইরান দিয়েছিল, তা এখনো বহাল রয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, দেশটির জব্দ করা সম্পদ ছাড় করা, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়া।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘সামরিক শক্তি প্রয়োগ কিংবা নিষেধাজ্ঞা আরও জোরদার করে ইরানের সঙ্গে সংঘাতের সমাধান হবে না।’
তিনি আরও বলেন, ‘একমাত্র সমাধান হলো সম্মানজনক ভাষায় কথা বলা, কূটনৈতিক আলোচনায় বসা এবং ইরানের দাবিগুলো ও শর্তগুলো বিবেচনায় নেয়া। দুই দিনের প্রস্তাবে এসব শর্ত তুলে ধরা হয়েছিল এবং সেগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে।’

