ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরের যে তথ্য প্রকাশ হয়েছে, তা ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের সময় আঁতাত হিসেবে ক্ষমার অযোগ্য। খবর তাসনিম নিউজ এজেন্সির।
বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে আরাঘচি লেখেন, নেতানিয়াহু তার আমিরাতে সফরের কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন, তা নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই আমাদের নেতাদের জানিয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের তথ্য অনুযায়ী, এই সফরের সময় নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরাগচি বলেন, যারা ইসরায়েলের সাথে মিলিত হয়ে বিভাজন সৃষ্টি করছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে শত্রুতা একটি বোকামির খেলা। ইসরায়েলের সাথে সেই কাজে আঁতাত ক্ষমার অযোগ্য। অপরদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আমিরাত কর্তৃপক্ষ।

