ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একের পর এক হামলা নিয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কুসরা ও জালুদসহ বিভিন্ন এলাকায় এসব হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছেন, পুড়িয়ে দেয়া হয়েছে বিভিন্ন স্থাপনাও। এই ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন নেতানিয়াহু।
তবে নেতানিয়াহুর নিন্দার পরও হামলাকারীদের বিরুদ্ধে ইসরায়েলি পুলিশের দৃশ্যমান কোনও পদক্ষেপ দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, বসতি স্থাপনকারীদের এসব হামলাকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখিয়ে বৃহত্তর বসতি সম্প্রসারণ প্রকল্পকে আন্তর্জাতিক সমালোচনা থেকে আড়াল করাই নেতানিয়াহুর এই অবস্থানের মূল উদ্দেশ্য।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামে সম্প্রতি বহু সংখ্যক ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালায়। তারা কাঁদানে গ্যাস ও পাথর ছোড়ে। এতে সাতজন আহত হন। অবরুদ্ধ পরিবারগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করা ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সও সেসময় হামলার শিকার হয়।

