ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। ধ্বংস আর শোকের এই মর্মান্তিক পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার এক হৃদয়বিদারক গল্প। নিজের এক বছর বয়সী কন্যাসন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার পেশাদার ফুটবলার হেক্টর বেয়োর স্ত্রী আন্দ্রেয়া।
বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল আবাসিক ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। সেই সময় ওই ভবনের ভেতরে অবস্থান করছিলেন আন্দ্রেয়া, তার এক বছর বয়সী মেয়ে আলানা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানান, ভবনটি ধসে পড়ার ঠিক আগমুহূর্তে আন্দ্রেয়া নিজের শরীর দিয়ে ছোট্ট মেয়েকে শক্ত করে আগলে রাখেন, যেন ওপর থেকে পড়া কোনো ধ্বংসাবশেষের আঘাতে শিশুটির কোনো ক্ষতি না হয়।
ধসে পড়া ভবনে দীর্ঘ উদ্ধার অভিযানের পর উদ্ধারকর্মীরা আন্দ্রেয়ার নিথর মরদেহ উদ্ধার করেন। তবে মায়ের শরীরের নিচে থাকায় অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যায় ছোট্ট আলানা। চিকিৎসকেরা জানিয়েছেন, মায়ের শেষ মুহূর্তের সেই বুক দিয়ে আগলে রাখার অনন্য আত্মত্যাগই মূলত অলৌকিকভাবে শিশুটির জীবন রক্ষা করেছে।
স্ত্রীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ফুটবলার হেক্টর বেয়ো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘একদিন আমি আমার মেয়েকে বড় করে বলব, তার মা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিল। শেষ নিশ্বাস পর্যন্ত সে মেয়েকে ছেড়ে যায়নি। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি একজন সত্যিকারের বীর মা।’
আরেকটি পোস্টে শোকাহত এই ফুটবলার লেখেন, ‘আমি কীভাবে আমাদের মেয়েকে বোঝাব যে তার জীবন বাঁচাতে তুমি নিজের জীবন উৎসর্গ করেছ? আমি তখন তোমাদের পাশে ছিলাম না। এই আজীবনের শূন্যতা আমি কীভাবে পূরণ করব?’ বর্তমানে শিশু আলানা এবং তার খালা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ২৮ বছর বয়সী হেক্টর বেয়ো ভেনেজুয়েলার দ্বিতীয় স্তরের ফুটবল ক্লাব মারিতিমো দে লা গুয়াইরার হয়ে খেলছেন।
এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে ভেনেজুয়েলার সাবেক বিউটি কুইন গিসেল রেয়েসের মা ওমাইরা রেয়েসও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ৪ হাজার ৫০০ জন ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

