পারস্য উপসাগরের হরমুজ প্রণালির কুশম দ্বীপে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। উন্নত ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।
আজ সোমবার (৩ নভেম্বর) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে আনাদুলু এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, হরমুজ প্রণালির অন্তর্গত কুশম দ্বীপের দক্ষিণ অংশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে ইরানের হাতে ওই মডেলের ড্রোন আটকের সংখ্যা চারে পৌঁছেছে বলে দাবি করেছে বাহিনীটি। এছাড়া একই অঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ইন্টারসেপ্ট বা বাধা দেওয়ার দাবি করেছে আইআরজিসি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির আকাশে এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল। তবে এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

