মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তাহীনতার জন্য মূলত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ বলেন, বর্তমান সংঘাতের সমীকরণ স্পষ্ট-‘হয় সবাই, নয়তো কেউই নয়’।
তিনি দাবি করেন, যদি ইরানকে তেল রপ্তানি করতে বাধা দেওয়া হয়, তাহলে এ অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এ অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।
গালিবাফ আরও দাবি করেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি না থাকলেই কেবল সেখানে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগের পরিস্থিতিতে হরমুজ প্রণালীর অবস্থা আর ফিরে যাবে না। এ বিষয়ে ইরানের অবস্থান আগেও বহুবার স্পষ্ট করা হয়েছে।

