বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন এবং ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে নারী ও শিশুদের জন্য, আশার বার্তা বহন করছে। তার রোহিঙ্গা শিবির পরিদর্শন চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ডাচেস অব এডিনবার্গ তার তিন দিনের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের কথা জানান। বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানেরও প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

