বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) টাইমের ওয়েবসাইটে এ তালিকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে ‘লিডার’ ক্যাটাগরি স্থান পেয়েছেন তারেক রহমান।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক সক্রিয়তা তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটান। পরে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আবারও রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী অবস্থানে ফিরে আসেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের ক্ষমতার সমীকরণে বড় ধরনের রদবদল আসে। এই প্রেক্ষাপটে তারেক রহমানকে বিরোধীদলীয় রাজনীতির একজন কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতা হিসেবে সামনে নিয়ে আসে।
প্রায় ১৭ বছর দেশ থেকে বিচ্ছিন্ন থাকার পর তিনি রাজনৈতিকভাবে আরও সংগঠিতভাবে সক্রিয় হন এবং একটি বড় নির্বাচনী সাফল্যের মাধ্যমে তার অবস্থান শক্তিশালী করেন।
লেখায় তারেক রহমানের রাজনৈতিক উত্তরাধিকারের প্রসঙ্গও উঠে আসে। সেখানে বলা হয়, তিনি বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করছেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
প্রতিবেদনটিতে তার ব্যক্তিগত শোক ও রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে বলা হয়, তিনি বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার অঙ্গীকার করেছেন।
এছাড়া বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপের কথাও তুলে ধরা হয়। আঞ্চলিক সম্পর্কের প্রসঙ্গে প্রতিবেদনটি উল্লেখ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কথাও।

