প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে প্রধানমন্ত্রীকে যে সময় আমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক তখনই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে।
অবশ্য বাংলাদেশ এ নতুন জোটে যোগদান করবে কি-না এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সৌদি যুবরাজকেও একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে এ চিঠি হস্তান্তর করেন তিনি। আগামীতে উভয়পক্ষের সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের কূটনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং সৌদি আরবের সঙ্গে ঢাকার সম্পর্কের নতুন মাত্রা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এ প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে সৌদি আরবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় সফরের আমন্ত্রণও দেওয়া হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

