স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশ ও জনগণের জন্য বিএনপি রাজনীতি করে। কারণ জনগণের দ্বারা নির্বাচিত সরকার। সেজন্য আমরা দেশের যেকোনো বিপদে-আপদে সবসময় তাদের পাশে থাকবো। এটা বিএনপির আদর্শ, উদ্দেশ্য ও অঙ্গীকার।
শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন ১০০ পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নেতা, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন—‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’। ক্ষমতা নয়, আমরা দায়িত্বপ্রাপ্ত। সবসময় বন্যা বা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা জনগণের পাশে থাকবো।
তিনি আরও বলেন, বন্যায় যারা শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য নয়; সব ক্ষেত্রেই যারা কৃষক, যাদের ফলন ও বীজতলা নষ্ট হয়েছে বা চারা নষ্ট হয়েছে, তাদের কীভাবে সহযোগিতা করা যায়, সে জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশকসহ সবকিছু দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অঙ্গীকার, সবসময় দরিদ্র মানুষের পাশে থাকবো, এ দেশের মানুষের পাশে থাকবো এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করবো। প্রধানমন্ত্রীক এবার একটি জনবান্ধব ও দরিদ্রবান্ধব বাজেট দিয়েছেন, যাতে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়। এটা আমরা দেখেছি।

