ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। মাঠে নামার দুই মিনিটের মাথায় গোলের দেখা পেয়েছেন ফুটবল জাদুকর। তার ফেরার ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বুধবার (১০ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ৩-০ গোলে জয়লাভ করে। আলবিসেলেস্তেদের হয়ে গোলের দেখা পান ভ্যালেন্টিনো বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা।
প্রথমার্ধে ভ্যালেন্টিন বার্কো দারুণ এক গোলে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বদলি নেমে স্পটকিক থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি। আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে আইসল্যান্ডের জালে বল পাঠান থিয়াগো আলমাদা।
দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ না হলে আলবিসেলেস্তেদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।
এই ম্যাচে আর্জেন্টিনা উপহার দিয়েছে তাদের চিরায়ত ছোট পাসের সুন্দর ফুটবল। একই সঙ্গে দ্রুত কাউন্টারে ওঠায়ও মুন্সিয়ানা দেখিয়েছে স্ক্যালোনির দল।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া আর্জেন্টিনা ম্যাচের অষ্টম মিনিটেই লিড পায়। আইসল্যান্ডের ডি-বক্সের ভেতরে জটলার মধ্য থেকে বল ক্লিয়ার করলে তা বক্সের বাইরে পান বার্কো। বাঁ পায়ের ভেতরের অংশের জোরাল শটে বল জালে পাঠান এই তরুণ মিডফিল্ডার। আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় গোলের দেখা পেলেন স্ট্রসবার্গের এই মিডফিল্ডার।
প্রথমার্ধে আর গোল না পেলেও লিড ধরে রেখেই বিরতিতে যায় আর্জেন্টিনা। এই অর্ধে বার্কো ছাড়াও নজরকাড়া ফুটবল খেলেছেন মেসির জায়গায় নামা নিকো পাজ।

