চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ২৫ বছরে কক্সবাজার অঞ্চলের গুরুত্ব বহুগুণ বেড়েছে। অচিরেই মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বাস্তবতায় কক্সবাজার-চট্টগ্রাম সড়ককে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, আগামী দিনের অর্থনৈতিক উন্নয়ন ও যানবাহনের ক্রমবর্ধমান চাপ বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি চারলেন থেকে ছয় লেনে উন্নীত করা হবে বং শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে।
লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের লবণচাষিরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতির পরিবর্তনে সরকার দ্রুত একটি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করবে, যাতে লবণচাষিরা উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পান।
প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুদিন আগে আমরা যে বাজেট উপস্থাপন করেছি, তা সাধারণ মানুষের কল্যাণে প্রণীত একটি জনবান্ধব বাজেট। দেশের কল্যাণ নিয়ে যারা ভাবেন, তারা ইতোমধ্যে এই বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।

