সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কৃষক যাতে ফসলের উৎপাদন বাড়াতে পারে, সে জন্য সরকার নিরলস কাজ করছে। এতে কৃষকের যেমন ব্যক্তিগত উন্নয়ন হবে, তেমনি একটি এলাকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। আমাদের লক্ষ্য হলো সারা বাংলাদেশে একটি শক্তিশালী কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তোলা।
বর্তমান বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে ডা. জাহিদ হোসেন আরও বলেন, সারা বিশ্বে এখন নানামুখী সংকট চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কৃষি খাত যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেই লক্ষ্যেই সব ধরনের সহযোগিতা নিশ্চিত করছে।
অনুষ্ঠানে ২০ জন কৃষকের মাঝে মুগডাল বীজ ও সার এবং ৫ জন কৃষকের মাঝে উন্নতমানের মৌবক্স (মৌমাছি পালনের বক্স) বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা বিতরণ শেষে মন্ত্রী কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাতটি পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী।

