নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব ‘সম্পূর্ণভাবে’ নির্মূল করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রম আরও জোরদার করা হবে। বর্তমান সরকার প্রতি বছর প্রায় ৩ হাজার ২শ’ থেকে ৩ হাজার ৩শ’ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যা মূলত স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যবহৃত হয়। তিনি বলেন, আমরা ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনবো, তবে টিসিবির বাজার হস্তক্ষেপ বাড়ানো হবে। বেশি পণ্য আমদানি করে টিসিবি বাজারে একটি ভারসাম্য তৈরি করবে।
বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কারসাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। সরকারের মেয়াদকালের মধ্যেই যেন বাজার সিন্ডিকেটের স্মৃতি বাংলাদেশ থেকে মুছে যায়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। বাণিজ্যমন্ত্রী আরও জানান, দেশের পুরো সরবরাহ ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষিখাত উন্নয়নের অংশ হিসেবে সিলেটে খাল পুন:খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান, আগামী মে’র ২ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে এসে বাসিয়া খাল পুন:খনন কার্যক্রম উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, যেসব এলাকায় পানি জমে থাকে সেখানে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এবং শুকনো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা হবে। এর ফলে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে নেওয়া পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

