সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এবারের ঈদে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক ঘটনার খবর তার কানে আসেনি। এছাড়া সরকারি মহল থেকে সাংবাদিকদের ওপর কোনো চাপ ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বাস দেন মন্ত্রী।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে আমদানিনির্ভর প্রায় সব দেশই দাম বৃদ্ধি করেছে। সরকার দীর্ঘদিন দাম না বাড়িয়ে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের কাজ নয়।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, সেখানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। গণমাধ্যমের দায়িত্ব হলো সবকিছু স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। মূলধারার সব গণমাধ্যম যেন নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়ে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনৈতিক বাধা সৃষ্টি হলে তা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে থাকবে।

