সাত সকালে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজারান এলাকার কাছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সকাল ৭টা ১৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল কুজারান থেকে ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে।
এর একদিন আগেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রোববার (১৯ জুলাই) সকালে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
মূলত আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এই দুটি প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।

