ইরানের সঙ্গে চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতার ভালো সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও সতর্ক করেছেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা বৈঠক করতে চায় এবং আমরা বৈঠক করছি। দেখা যাক কী হয়। চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে’। তিনি আরও বলেন, ‘আমরা যা করেছি, তা না হলে তারা আমাদের সঙ্গে আলোচনাতেই বসত না।’
ট্রাম্প বলেন, ‘আমরা এখনই ইরানের সঙ্গে আলোচনা করছি। আলোচনা ভালোই চলছে। তাই দেখা যাক কী হয়। ভালো কিছু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে’। তিনি আরও বলেন, ‘যদি তা না হয়, তাহলে দুই দিন আগে আমরা যা করছিলাম, আবার সেটাই শুরু করব।’
তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্পের দাবি, ‘আমরা যদি দুর্বল অবস্থায় থাকতাম, তাহলে তারা কখনও বৈঠকের অনুরোধ করত না। তারা এখন বৈঠক চাইছে শুধু এ কারণে যে আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি—রাশিয়া ইরানকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি জানতে চাইবেন।
তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা বিষয়টি জানতে পারব। আমি পুতিনকে জিজ্ঞেস করব। তখনই বিষয়টি পরিষ্কার হবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে তার অবস্থান একই কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা ‘অনেকটাই একমত’, তবে ‘সামান্য কিছু মতপার্থক্য’ রয়েছে।

