যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পল কাপুরের যোগ দেয়া নিয়ে আজ শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেয়া হয়।
পোস্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ দূতাবাসে আয়োজিত দেশটির জাতীয় দিবসের সংবর্ধনায় অংশ নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বক্তব্য রেখেছেন পল কাপুর। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করেছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পল কাপুর দুই দেশের সম্পর্কের গুরুত্বসহ ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

