মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায়ের জন্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ উপলক্ষে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সকালে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রিজন ভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে রায়ের দিন নির্ধারণ ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে দায়িত্ব পালন করছেন পুলিশ-র্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। একইসঙ্গে কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে আশপাশের এলাকাও। এমনকি তল্লাশি চালিয়ে জনসাধারণ ও সাংবাদিকদের ট্রাইব্যুনালে ঢুকতে দেয়া হচ্ছে।
এদিন সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জানা গেছে, রায়ের তারিখ নির্ধারণ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। পুরো নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।

