সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পে গুলি চালিয়েছে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ।
রোববার (২৪ মে) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে দুই ঘণ্টা গুলিবিনিময় হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, রোববার দিবাগত রাত একটার দিকে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে।
আমরা নন-লিথাল (প্রাণঘাতী নয়) অস্ত্র ব্যবহার করেছি। প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে যৌথ বাহিনী ভেতরে প্রবেশ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাগুলির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পরে অভিযান চালিয়ে ক্যাম্পের আশপাশ এলাকায় প্রবেশ করে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় হতাহত কিংবা কাউকে আটক করার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।

