রাজধানীতে চাঁদাবাজিসহ নানা অপরাধ দমনে বিশেষ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২ মে) রাজধানীর ‘কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ কথা জানান।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, বর্তমানে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না। বরং পুরনো দিনের সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, নতুন করে শীর্ষ সন্ত্রাসীরা তৈরি হচ্ছে না। আগে যারা ছিল, তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। পুলিশ তাদের দমনে সর্বদা তৎপর আছে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মো. সরওয়ার বলেন, পুলিশের কঠোর অবস্থানের কারণেই অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্যমতে, পুলিশের তৎপরতার কারণেই কদাচিৎ দুই-একটি ঘটনা ঘটছে, তা না হলে প্রতিনিয়ত অপরাধ ঘটতো।

