রাজধানীর হাজারীবাগে টিনশেড জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (১৭ জুলাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, বিকেল ৩টা ৩২ মিনিটে হাজারীবাগে টিনশেড একটি জুতার কারখানায় আগুনের খবর পাই। তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে দুটি ইউনিট।
পরে বিকেল ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

