আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ আমন্ত্রণ জানানো হয়েছে ১৮টি দলকে। টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ইসির।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হয় সংলাপ।
এর আগে সকাল থেকে একে একে নির্বাচন ভবনে আসেন রাজনৈতিক দলের নেতারা। সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, সব পক্ষের সহযোগিতা ছাড়া ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তিনি অংশীজনদের সহায়তা চান।
সিইসি বলেন, নির্বাচনে যত রকম চ্যালেঞ্জই আসুক, তা সবাই মিলে মোকাবিলা করতে হবে।
প্রথম দিনের সংলাপে এখন পর্যন্ত জামায়াত ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেননি। জামায়াতে ইসলামী এককভাবে নয়, জোটগতভাবে তাদের আমন্ত্রণ জানাতে ইসির কাছে চিঠি দিয়েছে। যদিও এনসিপি ও এবি পার্টির এ বিষয়ে মতভেদ রয়েছে।
আগামীকাল বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আছে ১ হাজার ৪২টি ইউনিয়ন।

