প্রশাসনকে শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, মানুষের সেবার মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, জনগণ রাষ্ট্রের মালিক। তাই সরকারি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন সেই মালিকানা কিছুটা হলেও অনুভব করতে পারেন, তা নিশ্চিত করা জনপ্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব।
বুধবার (৬ মে) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে ইশতেহার প্রণয়ন করেছিলাম, দেশের জনগণ তার প্রতি সমর্থন জানিয়েছে। এটি এখন আর শুধু বিএনপির দলীয় ইশতেহার নয়, এটি জনগণের এবং সরকারের ইশতেহার।
এখন এই ইশতেহার বাস্তবায়নের পালা। মাঠ প্রশাসনকে সরকারের ‘প্রশাসনিক অ্যাম্বাসেডর’ আখ্যা দিয়ে তিনি বলেন, জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব জনপ্রশাসনের।
সরকারের কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের সাফল্যই শেষ পর্যন্ত সরকারের সাফল্য হয়ে দাঁড়ায়।
সরকারি অফিসে সাধারণ মানুষের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একজন সাধারণ মানুষ বা দিনমজুর যখন জন্মনিবন্ধন সনদ সংশোধন বা অন্য কোনো সেবার জন্য সরকারি অফিসে যান, তখন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিস ব্যবস্থাপনার মাধ্যমেই পুরো সরকার ব্যবস্থাকে মূল্যায়ন করেন।

