সব প্রক্রিয়া চূড়ান্ত করে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ডিসেম্বরের আগে দেশটিত কর্মী পাঠানো শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
মালয়েশিয়ায় বিনা ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রাশেদুল হক বলেন, আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদেরকে বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে একদিন দুইদিন দেরি হয় সেটা ভিন্ন ইস্যু। কিন্তু চাইছি ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।
বোয়েসেল-এর মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে জানান, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায় এবং এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে সর্বমোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
তিনি আরও জানান, পরে সমান সুযোগ ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে মোট ৩০০ জন কর্মীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়, যার মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

