রাজধানীর গাবতলী বাস টার্মিনালে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ উপলক্ষে চালক ও যাত্রীদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
এ সময় চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং বেপরোয়া ও অতিরিক্ত গতিতে মোটরযান না চালানোর আহ্বান জানান বক্তারা। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও হালনাগাদ কাগজপত্র ছাড়া মোটরযান না চালানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।
যানবাহনে যৌন হয়রানি কিংবা অশালীন মন্তব্যের শিকার হলে পরবর্তী স্টপেজে নামার আগেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পরামর্শ দেন বক্তারা।
এ ছাড়া পথচারীদের ফুটপাত ব্যবহার এবং জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পার হওয়ার আহ্বান জানানো হয়। পরে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন যানবাহন ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

