বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মার্কিন এ বিশেষ দূত।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সার্জিও গর। তিনি লেখেন, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে উভয় দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সার্জিও গর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ‘দারুণ’ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

