যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। শনিবার (১৫ নভেম্বর) বিশাল এই গমের চালান নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছায় এম ভি উইকোটাটি নামের জাহাজটি।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির আওতায় বিশাল এই গমের চালান দেশে এসেছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে সর্বমোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
এর অংশ হিসেবে গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে দেশে আসে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম। পরবর্তীতে দ্বিতীয় চালানে গত ৩ নভেম্বর আরও ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।
চুক্তির আওতায় শনিবারের চালানসহ সবমিলিয়ে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। ইতোমধ্যে তৃতীয় চালানে আসা জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুতই গম খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

