বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের ইশতেহারে ঘোষণা করেছিলেন সব বন্ধ জুটমিল, ইন্ডাস্ট্রি ও টেক্সটাইল মিল চালু করবেন। এমন বাস্তবতায় দেশের সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আশা করি, আবার সেই শিল্প প্রাণ ফিরে পাবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে।
শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুর এলাকায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ির ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। পাটশিল্প ও রেশমশিল্প হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্য রক্ষা করতে কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখিনি। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী শিল্পগুলোকে কীভাবে বাঁচানো যায়, প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
তিনি বলেন, আধুনিক সময়ে অনেক প্রযুক্তির ব্যবহার আসছে, কিন্তু অভিজ্ঞতা না থাকায় আমাদের তাঁতিরা যেসব পণ্য তৈরি করেন, তা ধরে রাখতে পারেন না। আমরা সেই কারণে আধুনিক প্রশিক্ষণ দিয়ে তাঁত শিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। পাশাপাশি প্রান্তিক তাঁতিদের প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সহায়তা দেয়ার পরিকল্পনা করছি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সব তাঁতের শাড়ি ব্যবসায়ী, তাঁতী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

