‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হলো।
গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। একই বৈঠকে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকে নেয়া ওই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ৭ নভেম্বর বাংলাদেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর দিবসটি সাধারণ ছুটিসহ পালন করা হবে।

