শুরু হলো পবিত্র মাহে রমজান।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় দেশের আকাশে দেখা গেছে মহিমাময় রমজান মাসের চাঁদ। জাতীয় চাঁদ দেখা কমিটি তা নিশ্চিত করেছে। সে হিসেবে আজ বৃহস্পতিবার থেকেই শুরু হলো রমজানের গণনা। আগামী ১৬ মার্চ রাতে হতে পারে লাইলাতুল কদর, যা দেশের মুসলিম সমাজে বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়।
চাঁদ দেখার পর রমজানের প্রথম ব্যস্ততা তারাবি। এশার নামাজের পর তা আদায় করা হয়। মূলত এর মধ্য দিয়েই শুরু হয় রমজানের আনুষ্ঠানিকতা। সুবহে সাদিকের আগে সেহরি খেতে হয়। অতঃপর দিনব্যাপী উপবাসের মাধ্যমে করতে হয় সিয়াম সাধনা। এভাবেই রমজানের দিনগুলো যাপন করা হয়।
তারাবিতে অনেক মসজিদে কুরআন খতম করা হয়। মুসলমানরা এতে আগ্রহভরে অংশ নিয়ে থাকে। কখনো কাজের ব্যস্ততায় অন্য এলাকায় তারাবি পড়তে হয়। তখনও যেন খতমের ধারাবাহিকতায় ব্যত্যয় না ঘটে; সেজন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সকল মসজিদে যেন একই পদ্ধতি অনুসরণ করা হয়। সে হিসেবে প্রথম ছয় দিনে যেন দেড় পারা করে ৯ পারা পড়া হয়। এরপর বাকি ২১ দিনে যেন ১ পারা করে ২১ পারা তেলাওয়াত করা হয়। তাহলে ২৭ রমজান পবিত্র শবেকদরের রাতে খতম সম্পন্ন হবে।
মুসলমানরা নানা আমলের মধ্য দিয়ে যাপন করে রমজানের দিবসগুলো। কখনো নফল নামাজ পড়ে। কখনো কুরআন তেলাওয়াতে ব্যয় করে সময়। আবার জিকির-আজকারেও রত থাকতে দেখা যায় কখনো কখনো। এছাড়া দান-খয়রাতের পরিমাণও বেড়ে যায় এই মাসে। এভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের চেষ্টা করা হয়।

