সাভার পৌরসভাকে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘সাভারকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।’
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন এই পদপ্রার্থী। তাঁর এই সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সাভার পৌর এলাকার দীর্ঘদিনের মাদক সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
পৌর এলাকার বিভিন্ন অলিগলি, আবাসিক এলাকা, বাজারসংলগ্ন স্থান ও জনবসতিপূর্ণ এলাকায় মাদকের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ার পাশাপাশি পরিবারগুলোতে অশান্তি ও সামাজিক অবক্ষয় বাড়ছে।
মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস না করার ঘোষণা দিয়ে মো. খোরশেদ আলম আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় বলে মনে করেন এই মেয়র পদপ্রার্থী। তিনি বলেন, এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট এবং মাদক থেকে ফিরে আসতে আগ্রহীদের জন্য পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সাভারের স্থানীয় সচেতন নাগরিকেরা বলছেন, সাভারকে মাদকমুক্ত করতে হলে প্রথমেই মাদকের প্রবেশপথ, সরবরাহকারী চক্র এবং বিক্রয়কেন্দ্রগুলো চিহ্নিত করতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব যেন অপরাধীদের রক্ষাকবচ না হয়, তা নিশ্চিত করে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া জরুরি।
নাগরিকদের প্রত্যাশা, কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সচেতনতামূলক কর্মসূচি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় সাভারবাসী।

